৩৩৩-তে যুক্ত হচ্ছে অন্যান্য হেল্পলাইন

১২ নভেম্বর, ২০১৯ ১৮:৩০  
অন্যান্য হেল্পলাইনগুলোর সঙ্গে ৩৩৩-কে যুক্ত করা হচ্ছে। এলক্ষ্যে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) একটি চুক্তি স্বাক্ষর করা হবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এর মাধ্যমে অন্যান্য সংস্থাগুলোর সেবাও এক জায়গা থেকেই নাগরিকদের দেওয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীর গুলশানে ডিএনসিসি নগর ভবনে হেল্পলাইন নম্বর ৩৩৩ -এর মাধ্যমে ডিএনসিসি’র সেবার উদ্বোধন অনুষ্ঠানে এমন আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে পলক বলেন, ‘তথ্য সেবা সবসময়’ এই স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের এপ্রিলে প্রধামন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ৩৩৩ এর উদ্বোধন করেন। এই সেবার সঙ্গে আজ থেকে যুক্ত হলো ডিএনসিসি। মেয়র বারবার এজন্য আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন। তার স্পৃহাতেই সিটি কর্পোরেশনের সেবাগুলো ডিজিটাল হলো। তিনি বলেন, এরইমধ্যে আমরা আমাদের ‘এক-সেবা’ প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারি প্রায় ১৬৪টি সেবা ডিজিটালভাবে দিচ্ছি। কেউ যদি নিরক্ষরও হয় তিনিও সেবা পাবেন ৩৩৩-এ। তিনি ফোন দিয়ে সেবা চাইলে সিটি করপোরেশন থেকে লোক তার কাছে গিয়ে সেবা দেবেন, ফরম পূরণ করে দেবেন। এই শহরের দেড় কোটি মানুষকে ডিজিটাল মাধ্যমে আমরা বিশ্বের আধুনিক সেবা দিতে চাই।